নারায়ণগঞ্জে বাড়ি ও কারখানায় ডাকাতি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল বৃহস্পতিবার ভোরে এক সৌদিপ্রবাসীর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা।
এ ছাড়া বুধবার দিবাগত রাতে ডাকাতেরা সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় শোভন ওভেন ব্যাগ কারখানার শ্রমিকদের হাত-পা বেধে পাঁচ লাখ টাকাসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা।
সৌদিপ্রবাসী সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হাসান জানান, ফতুল্লার কোতালেরবাগে তাঁদের বাড়িতে হানা দেয় ডাকাত। তাঁরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে অস্ত্রের ভয় দেখিয়ে দেড় লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোনারগাঁয়ে শোভন ওভেন ব্যাগ কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ওই কারখানার ১১ কর্মচারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে কর্তৃপক্ষ।