নারায়ণগঞ্জে বাড়িভাড়া বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের খানপুর মেইন রোড এলাকায় ছোট একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন গৃহবধূ শাহনাজ বেগম। তিন কক্ষের ওই ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে সাড়ে ১১ হাজার টাকা। বাড়িভাড়া দিতে গিয়ে তাঁর ব্যবসায়ী স্বামীর আয়ের বেশির ভাগই শেষ হয়ে যায়।গত এক বছরে দুবার বাড়িভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু কিছুই করার নেই শাহনাজ বেগমের। তাঁকে বাধ্য হয়ে ভাড়া বাসায় থাকতে হচ্ছে। কারণ, নগরে তাঁদের নিজের বাড়ি নেই।শাহনাজ বেগমের মতো একই অভিযোগ নগরের জামতলার গৃহবধূ জলি আক্তার ও আমলাপাড়ার রোকেয়া আক্তারের। তাঁরা বলেন, নারায়ণগঞ্জে বাড়িভাড়া বাড়ছেই। বাড়িওয়ালারা কোনো নোটিশ ছাড়াই লাগামহীনভাবে ভাড়া বাড়াচ্ছেন। বছরে দু-তিনবারও ভাড়া বাড়ানো হয়।সিটি করপোরেশনের সূত্রমতে, দেশের বিভিন্ন স্থান থেকে জীবিকার তাগিদে মানুষ নারায়ণগঞ্জে আসছে; থাকছে ভাড়াবাড়িতে। নগরের জামতলা, কলেজ রোড, মাসদাইর, চাষাঢ়া, আমলাপাড়া, খানপুর, দেওভোগ, পাইকপাড়া, টানবাজার, সাহাপাড়া, কালিরবাজার, প্রেসিডেন্ট রোড, বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া বালুর মাঠ, মিশনপাড়া, ডন চেম্বার, নিতাইগঞ্জ, বাবুরাইল, ইসদাইরে বাড়িভাড়া বেশি। নগরের জামতলা হাজী আবদুল হামিদ সড়কে এক হাজার বর্গফুটের একটি ফ্ল্যাটের মাসিক ভাড়া ২০ হাজার টাকা।নগরের নিতাইগঞ্জ এলাকার ভাড়াটে সজল রায় বলেন, ছয় মাস আগে তিনি তিন কক্ষের একটি ফ্ল্যাটে ওঠেন। ভাড়া ১১ হাজার টাকা। বাড়িওয়ালা এরই মধ্যে একবার ভাড়া বাড়িয়েছেন। তিনি আবারও ভাড়া বাড়াবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘ভাড়া বাড়ানোর প্রতিবাদ করায় বাড়িওয়ালা আমাকে সময় না দিয়েই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন। বাড়ি না ছাড়ায় তিনি পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে বিষয়টি আমি পুলিশকে জানালে বাড়িওয়ালা বাড়ি ছাড়ার জন্য আমাকে এক মাস সময় বেঁধে দিয়েছেন।’খানপুর মেইন রোড এলাকার ভাড়াটে শাহনাজ বেগমের অভিযোগ প্রসঙ্গে বাড়ির মালিক শরীফ মোহাম্মদ বলেন, ‘নির্মাণসামগ্রীর দাম বেড়েছে। শ্রমিকদের মজুরিও বেড়েছে কয়েক গুণ। এ ছাড়া কয়েক দফা বিদ্যুৎ, গ্যাস, পানি, খাজনাসহ বিভিন্ন জিনিসপত্রের দামও বেড়েছে। এসব কারণে বাধ্য হয়ে বাড়িভাড়া বাড়াতে হয়েছে।’ তিনি বলেন, ‘তবে বছরে দু-তিনবার ভাড়া বাড়ানোর অভিযোগ সঠিক নয়।’এ বিষয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, ‘সারা দেশের মতো নারায়ণগঞ্জে বাড়িভাড়া নিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। বছর বছর বাড়িভাড়া বাড়ানো হচ্ছে। এমনকি বছরে দু-তিনবারও ভাড়া বাড়ানো হচ্ছে। লিখিত চুক্তিপত্র না থাকা এবং বাড়িভাড়ার রসিদ না থাকায় ভাড়াটেরা আইনগত প্রক্রিয়ায় যেতে পারেন না।’ তিনি বলেন, নারায়ণগঞ্জে বাড়িভাড়া নিয়ন্ত্রক সংস্থা গঠন করা জরুরি।বাড়িভাড়া নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনুল্লাহ নুরী বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কোনো সুনির্দিষ্ট আইন নেই। কিন্তু বাড়িভাড়া নিয়ে সাধারণ নাগরিকেরা যাতে হয়রানির শিকার না হন, সে জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘কোনো নাগরিক যদি বাড়িভাড়া-সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে দেন, তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’