নারায়ণগঞ্জে বাড়ির মালিক, ভাড়াটেদের নিবন্ধনকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ দুপুরে বাড়িওয়ালা-ভাড়াটেদের তথ্য নিবন্ধনকাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার মঈনুল হক। ছবি: ফারুক হোসেন
নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ দুপুরে বাড়িওয়ালা-ভাড়াটেদের তথ্য নিবন্ধনকাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার মঈনুল হক। ছবি: ফারুক হোসেন

নারায়ণগঞ্জ জেলাকে জঙ্গিমুক্ত করার লক্ষ্যে সব বাড়ির মালিক ও ভাড়াটেদের তথ্য নিবন্ধন শুরু করেছে পুলিশ। 

আজ সোমবার দুপরে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর আফাজনগর এলাকায় এ তথ্য নিবন্ধনকাজের উদ্বোধন করেন পুলিশ সুপার মঈনুল হক।
জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, জেলার সাতটি থানা এলাকায় প্রতিটি থানা এলাকাকে ৩০টি ব্লকে বিভক্ত করে বাড়ি বাড়ি গিয়ে বাড়ির মালিক ও ভাড়াটের তথ্য নিবন্ধন করবে পুলিশ। এ সময় এলাকার গণমান্য ব্যক্তির ও কমিউনিটি পুলিশিং সহায়তা নেওয়া হবে। কোনো বাড়িতে ভাড়াটে সেজে যাতে জঙ্গিরা অবস্থান করতে না পারে, সে জন্য সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম হব।
এ সময় ভাড়াটেদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য বাড়ির মালিকদের অনুরোধ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহনেওয়াজ চৌধুরীসহ বিভিন্ন এলাকার নাগরিকেরা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ এবং স্থানীয় ব্যক্তিরা বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটে ফরম নিবন্ধনকাজ শুরু করেন এবং ‘জঙ্গিবাদকে না বলুন’ স্লোগানসংবলিত প্রচারপত্র বিতরণ করেন।
২০১৬ সালের ২৭ আগস্ট নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় সোয়াটের অভিযানে জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীসহ তিনজন নিহত হন।