নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গতকাল বুধবার বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের সাত সদস্যসহ আহত হয়েছেন ৩০ জন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সহসভাপতি জান্নাতুল ফেরদৌসসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং দেশব্যাপী ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে গণমিছিল করার ঘোষণা দেন জোটের নেতারা। গতকাল বেলা তিনটার দিকে মিছিল নিয়ে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। শহরের ২ নম্বর রেলগেট এলাকায় জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পাশেই ডিআইটি বাণিজ্যিক এলাকায় জড়ো হওয়া বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। চলে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট।নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল অভিযোগ করেন, ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করতে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। এতে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ট্রাফিক পুলিশের পরিদর্শক নজরুলসহ সাতজন আহত হন। গ্রেপ্তার করা হয় ১০ জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।