নারায়ণগঞ্জে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বিএনপি-সমর্থিত দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির ভবনে বিএনপি-সমর্থিত আইনজীবীদের এক প্রতিবাদ সভা করার সময় এ ঘটনা ঘটে।জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়। এ নিয়ে বিভক্ত হয়ে পড়েন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা। নির্বাচনে বিএনপি-সমর্থিত ১৭ প্রার্থীর মধ্যে পাঁচজন জয়ী হন। নির্বাচনে ভরাডুবির কারণে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়। এর জের ধরে ৭ মে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি সভায় উভয় পক্ষের মধ্যে তুমুল বাগিবতণ্ডা হয়। এরপর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস প্রতিপক্ষের দুই তরুণ আইনজীবী আনোয়ার প্রধান ও আলমগীরকে সভা থেকে বের করে দেন। এর প্রতিবাদে গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনে প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি-সমর্থিত একাংশের আইনজীবীরা।সভার প্রস্তুতির সময় আবুল কালাম আজাদ বিশ্বাস সভা বন্ধ করার হুমকি দেন এবং আইনজীবী আবদুল বারী ভূইয়া ও বোরহানউদ্দিনের নেতৃত্বে একদল আইনজীবী এসে সভার ব্যানার ও মাইকের তার ছিঁড়ে ফেলেন। এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি। খবর পেয়ে জ্যেষ্ঠ আইনজীবীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে আইনজীবী সালাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভা হয়। বক্তারা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সরকার হুমায়ুন কবিরকে কালো মনের মানুষ আখ্যা দিয়ে তাঁর বহিষ্কার দাবি করেন। তাঁরা দাবি জানান, ১৫ দিনের মধ্যে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি পুনর্গঠনের।এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নেতা সাখাওয়াত হোসেন খান বলেন, আইনজীবী আবুল কালাম আজাদ বিশ্বাসের নেতৃত্বে চার-পাঁচজন আইনজীবী এসে ব্যানার ও মাইক খুলে নেন। এ সময় তাঁদের সঙ্গে সাধারণ আইনজীবীদের হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস জানান, ‘আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে জেলা আইনজীবী ফোরামের সভাপতির পদত্যাগের দাবিতে সভা আহ্বান করা হয়েছে। দলীয় ফোরামে আলোচনা না করে আওয়ামী লীগের আইনজীবীদের সঙ্গে নিয়ে এ ধরনের সভা করা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই তাঁদের সভা না করতে বলেছি।’জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সভাস্থলে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এ বিষয়ে সভা আহ্বানকারী অভিযোগ দিলে বার সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।