নারায়ণগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল মানিকগঞ্জ জেলা শহরে বিএনপির কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা অবস্থান নেন। তবে পুলিশের বাধায় কর্মসূ​িচ পালন করতে পারেননি তাঁরা। ছবিটি বেলা ১১টার দিকে তোলা l প্রথম আলো
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল মানিকগঞ্জ জেলা শহরে বিএনপির কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা অবস্থান নেন। তবে পুলিশের বাধায় কর্মসূ​িচ পালন করতে পারেননি তাঁরা। ছবিটি বেলা ১১টার দিকে তোলা l প্রথম আলো

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করেছে। মানিকগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সড়কের পাশে অবস্থান নেন। কিন্তু পুলিশি বাধার মুখে তাঁরা সেখানে কর্মসূচি পালন করতে পারেননি।
দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, সকালে নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বিএনপির নেতা-কর্মীরা যান। সেখানে অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। দুই পক্ষে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। তবে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সাবেক সাংসদ আতাউর রহমান, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান প্রমুখ।
এদিকে সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির একদল নেতা-কর্মী অবস্থান নেন। এতে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রমুখ। বক্তারা বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করার জন্যই সরকার নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তাই এই অবৈধ সরকারের স্বেচ্ছাচারিতা সহ্য করার কোনো কারণ থাকতে পারে না। বক্তারা নিজেদের অধিকার রক্ষায় দেশের প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান।

সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন জেলা বিএনপি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে শহীদ রফিক সড়কের পাশে ব্যানার হাতে অবস্থান নেন। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোকসেদুর রহমান, সহসভাপতি আবদুল বাতেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান উদ্দিন, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আওলাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তবে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান সেখানে ছিলেন না।

অবস্থান কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরই পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ মারমুখী হয়ে ওঠে। তখন নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। সেখানে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা হয়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোকসেদুর রহমান বলেন, বর্তমানে দিন-রাতে দুই ঘণ্টাও গ্যাস পাওয়া যায় না। অথচ গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে নির্ধারিত গ্যাসের বিল আদায় করা হচ্ছে। তার ওপর সম্প্রতি সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু জনগণ কোনোভাবেই সেটা মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, অযৌক্তিকভাবে গ্যাসের এই দাম বাড়ানোর প্রতিবাদে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়, কিন্তু পুলিশ তা করতে দেয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, জেলা শহরের রাস্তাটি (শহীদ রফিক সড়ক) অত্যন্ত সরু। এই সড়কে কর্মসূচির কারণে যানজট সৃষ্টির আশঙ্কা ছিল। তা ছাড়া পূর্ব অনুমতি না নেওয়ায় সেখানে বিশৃঙ্খলা এড়াতে অবস্থান কর্মসূচি পালনে নিষেধ করা হয়।