নারায়ণগঞ্জে বিএনপির এক নেতার বিরুদ্ধে অপর নেতার জিডি
নারায়ণগঞ্জে বিএনপির এক নেতা অপর এক নেতাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে গত বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন সিদ্দিকীর অভিযোগ—কিছু দিন ধরেই তাঁকে হত্যার ষড়যন্ত্র করে আসছেন একই ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী। গত ২৯ নভেম্বর তিনি বক্তাবলীর প্রসন্ননগর এলাকায় তাঁর পথরোধ করে প্রাণনাশের হুমকি দেন।গতকাল বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতারা এক বিবৃতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আকবর আলীকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।আকবর আলী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু দুষ্টলোক ও আওয়ামী লীগের ইন্ধনে আল আমিন সিদ্দিকী এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি জানান, সোমবার বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভা আহ্বান করা হয়েছে। দলীয় ফোরামে এ বিষয়ে আলোচনা করা হবে। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।