নারায়ণগঞ্জে বিএনপির কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গত কয়েক দিনের হরতালের সময় সরকারি কাজে বাধাদান, বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৮৭ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। হরতালের শেষ দিন গত সোমবার রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিচরণ চৌহান বাদী হয়ে এ মামলা করেন। এসআই রবিচরণ চৌহান জানান, হরতালের সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে হামলা চালালে পুলিশের তিন সদস্য আহত হন। বিএনপির ১৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৭০ জনকে মামলায় আসামি করা হয়। মামলায় নাম উল্লেখ করা ১৭ জনের মধ্যে রয়েছেন সিটি কাউন্সিলর ও মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। খোরশেদ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের ছোট ভাই।