নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযান, গ্রেপ্তার ৩
বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালকে কেন্দ্র করে পুলিশ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে দফায় দফায় অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক প্রেমলাল ও একই ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক ভুট্টো এবং সিদ্ধিরগঞ্জ পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের নেতা শহীদুল্লাহ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার দাবি করেন, সাদা পোশাকধারী ১০-১২ জনের পুলিশের একটি দল গতকাল দুপুরে শহরের মাসদাইর এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালায়। একপর্যায়ে তাঁর বাড়ির পাশে অবস্থিত ছোট ভাই যুবদলের কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বাড়িতেও অভিযান চালায়।নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জে দেড় শতাধিক নেতা-কর্মীকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। হরতালের আগে নাশকতার চেষ্টার কোনো ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হতে পারে। বিএনপির নেতা-কর্মী ছাড়াও জামায়াত ও শিবিরের জেলা পর্যায়ের কয়েকজন নেতা-কর্মীও এ তালিকায় রয়েছেন।সিদ্ধিরগঞ্জে বিএনপির একটি সূত্র জানায়, শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক আবদুল হাইয়ের বাড়িসহ সিদ্ধিরগঞ্জের গোদনাইল, মিজমিজি, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালায়। এ সময় সিদ্ধিরগঞ্জ পৌর ২ নম্বর ওয়ার্ডের নেতা শহীদুল্লাহকে তাঁর মিজমিজি দক্ষিণপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় অনেক নেতা-কর্মী গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান। নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল জানান, বৃহস্পতিবার রাত নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত শহরের দেওভোগ ও এর আশপাশের এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহসভাপতি মাসুদ রানা ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সরকার আলমের বাসায় পুলিশ দফায় দফায় হানা দেয়। পুলিশের হয়রানির ভয়ে শহর ও শহরতলির অনেক নেতা-কর্মী এখন থেকেই রাতে বাসার বাইরে অবস্থান করছেন। অনেকে গা ঢাকা দিয়েছেন। কামাল অভিযোগ করেন, গত ১৪ নভেম্বর নারায়ণগঞ্জে সফল হরতাল পালনের পর আগামী মঙ্গলবারের হরতালের আগে নেতা-কর্মীদের ওপর চাপ সৃষ্টির জন্যই পুলিশের এ অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ১৪ নভেম্বর হরতালের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযুক্তদের কারও কারও বাড়িতে অভিযান চালানো হতে পারে। এটা স্বাভাবিক কার্যক্রম। হরতালের আগে কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার চেষ্টার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তখন ব্যবস্থা নেওয়া হবে।বিএনপির নেতা তৈমুর আলম খন্দকার তাঁর বাড়িতে পুলিশের অভিযান ও নজরদারিতে রাখার বিষয়টিকে দুঃখজনক আখ্যায়িত করে বলেন, পুলিশ দিয়ে হয়তো কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করানো যাবে। কিন্তু হরতালের দিন স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাজপথে থাকবে। কোনো ভয়-ই নেতা-কর্মীদের কাবু করতে পারবে না।পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন প্রথম আলোকে জানান, হরতাল উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য পুলিশ সন্দেহভাজন লোকজনের বাড়িতে তল্লাশি শুরু করেছে।