নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে শহর বিএনপি। এদিকে ৩০ নভেম্বরের হরতালের সময় নারীনেত্রীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল।বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস, আবুল কালাম আজাদ বিশ্বাস, আনোয়ার হোসেন খান, সুরুজ্জামান, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নুরুল হক চৌধুরী, বিল্লাল হোসেন, সরকার আলম, মাসুদ রানা প্রমুখ।এদিকে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নারায়ণগঞ্জ জেলা মহিলা দল। জেলা কমিটির সভানেত্রী নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন রহিমা শরীফ, আয়েশা সাখাওয়াত, ডলি আক্তার, সাজেদা খাতুন, আয়েশা জামাল প্রমুখ।মহিলা দলের নেত্রীরা ৩০ নভেম্বরের হরতালের সময় দলীয় নেতা-কর্মী, বিশেষ করে নারীনেত্রীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ওই ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেন তাঁরা।এদিকে শহর বিএনপির পাল্টা কমিটিও আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করে। পাল্টা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।