নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার নারায়ণগঞ্জ শহর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। গতকাল দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগিবতণ্ডা হয়। পরে মিছিলটি ঘুরে আবারও জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এদিকে কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে ঈদের পরপর ডিসি ও এসপি অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন বিএনপির নেতারা।শহর ও জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা এ টি এম কামাল, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, আক্তার হোসেন খোকন শাহ, রানা মুজিব, বিল্লাল হোসেন, শ্রমিক দলনেতা ফারুক হোসেন প্রমুখ।