নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা, ধাওয়া
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে শহরের চাষাঢ়ার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।পরে বিএনপির নেতা-কর্মীরা মিছিলটি নিয়ে দুই রেলগেট এলাকা হয়ে শহরের মণ্ডলপাড়া ঘুরে দলীয় কার্যালয়ের দিকে ফেরত যান। গতকাল রোববার বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই ঘটনা ঘটে।জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মমিনুল হক, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার আমাদের সব দরজা বন্ধ করে দিয়েছে। আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটানো হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।