নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলীয় নেতা-কর্মীদের হত্যার বিচারের দাবিসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জ বিএনপি গতকাল সোমবার শহরে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। মিছিল শেষে শহর বিএনপির সহসভাপতি আনোয়ার দেওয়ানের সভাপতিত্বে এক সমাবেশ হয়। এতে কেন্দ্রীয় বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সোনারগাঁয়ে নিহত বিএনপি নেতা সাইফুল ইসলামের স্ত্রী লাকী বেগম ও দুই ছেলে সিহাব ও সাজ্জাদ সমাবেশে উপস্থিত ছিলেন। পরে হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।