নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল রোববার হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বিএনপির নেতা-কর্মীরা শহরের বেশ কয়েকটি পয়েন্টে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। পুলিশ লাঠিচার্জ করে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে আটটার দিকে শহরের মাসদাইর এলাকা থেকে হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল জেলা বিএনপির কার্যালয়ে যাওয়ার সময় ২ নং রেলগেট এলাকায় পুলিশ বাধা দেয়। বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। লাঠিচার্জে যুবদলের নেতা মনির আহম্মেদ, আক্তার হোসেন, দেলোয়ার হোসেন ও ছাত্রদলের নেতা আল-আমিন প্রধানসহ ১০ জন গুরুতর আহত হন। পরে নেতা-কর্মীরা আবার জড়ো হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন।এ ঘটনায় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন বিএনপির নেতারা। শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল ও ওলামা দলের সভাপতি সামছুজ্জামান খান কাফনের কাপড় পরে মিছিলে অংশ নেন। মহাজোট সরকারকে গুম সরকার আখ্যায়িত করে এ টি এম কামাল বলেন, এ গুম সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি কাফনের কাপড় সব সময় পরে থাকবেন বলে সাংবাদিকদের জানান। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো সুলতানা কামালব্রিজ এলাকায় রাত দুইটার দিকে দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান বলে জানান ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মো. শাহজাহান। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান জানান, ডেমরা থেকে ভুলতা যাওয়ার পথে (ঢাকা মেট্রো-জ-১৪-১২৯৫) বাসে দুর্বৃত্তরা পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।