নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে রোববার হরতাল চলাকালে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল সোমবার বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশের লাঠিপেটায় বিএনপির কেন্দ্রীয় কমিটির দুই নেতাসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে রোববারের হরতালের সময় গ্রেপ্তার হওয়া নয়জনসহ বিএনপির ২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ওই মামলা করেন। মামলায় শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে প্রধান আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঘোষিত পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ২ নম্বর রেল গেট এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক তৈমুর আলম খন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহসভাপতি বদরুজ্জামান খান খসরু, বিএনপি নেতা পারভেজ আহমেদ, শহর বিএনপির সহসভাপতি সুরুজ্জামান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি হাজি নুরুদ্দিন, বিএনপির নেতা আবদুল মালেক, খন্দকার আলাল, ওলামা দলের নেতা সামসুজ্জামান খান বেনু, খোকন শাহসহ ২০ জন আহত হন।