নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে মানববন্ধন
নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার আদালতপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সোমবার বিকেলে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বর্বরোচিত হামলা ও নির্যাতন চালিয়েছে। পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকারসহ অনেকে।বক্তারা বলেন, সরকার পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে। পুলিশ অহেতুক বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে ও গ্রেপ্তার করছে।বক্তারা বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশের নির্যাতন ও গ্রেপ্তার বন্ধ করার আহ্বান জানান। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সরকার হুমায়ূন কবিরের কর্মসূচিতে সভাপতিত্ব করেন।পুলিশের আরও একটি মামলা: নারায়ণগঞ্জে বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সরাফত বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এ মামলা দায়ের করেন। এ নিয়ে গত তিন দিনে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হলো। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সোমবার বিকেলে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় কমিটির সদস্য বদরুজ্জামান খান খসরুসহ ২০ জন আহত হন।এর আগে রোববার হরতালের দিন ও তাঁর আগের দিন শনিবার বিএনপির মিছিল থেকে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। উভয় ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলা দায়ের করে।