নারায়ণগঞ্জে বিএনপির শীর্ষ তিন নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ ও অগঠনতান্ত্রিক পন্থায় কমিটি গঠনের অভিযোগ এনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ তিন নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ওয়ার্ড পর্যায়ের দুজন নেতা। তাঁরা ওই কমিটি বাতিলের আবেদন জানান। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ দ্বিতীয় সহকারী জজ নাজমুল হক শ্যামলের আদালতে মামলাটি করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন এবং আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সমনের জবাব দেওয়ার নির্দেশ দেন।আসামিরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার, জেলা কমিটির সিনিয়র সভাপতি মোহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, ফতুল্লার কুতুবপুর দেলপাড়ার লুৎফর রহমান ও একই থানার ভূঁইগড় এলাকার মোহাম্মদ শাহীন খন্দকার। মামলার আরজিতে শেষের দুজনের কোনো রাজনৈতিক পরিচয় দেওয়া হয়নি।মামলার বাদীরা হলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাতবর ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সদস্য শহীদউল্লাহ।মামলায় অভিযোগ করা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুসরণ করে ২০০৯ সালের ২৪ অক্টোবর তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। এর আগে ১৬ অক্টোবর দেলপাড়া উচ্চবিদ্যালয় মাঠে কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এতে মামলার বাদী নজরুল ইসলাম মাতবরকে সভাপতি করা হয়েছিল। কিন্তু দায়িত্ব পালনরত অবস্থায় গত ১ জুলাই ওই কমিটি ভেঙে ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি বেআইনি, অবৈধ, অকার্যকর ও গঠনতন্ত্রবহির্ভূত।