নারায়ণগঞ্জে বিএনপির ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল সোমবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুর রশিদ গতকাল রাত সাড়ে নয়টার দিকে এই মামলা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, মামলার পর মনির হোসেন নামে একজনকে শহরের টানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু যেভাবে পুলিশকে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতে উসকে দিচ্ছেন, এই টুকুকেই পেছনে হাতকড়া পরিয়ে পুলিশ গ্রেপ্তার করবে। তিনি পুলিশ দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি না করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। তিনি আরও বলেন, হামলা-মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন থেকে দমিয়ে রাখা যাবে না। এতে বরং আজকের হরতাল আরও সফল হবে।