
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। গতকাল বুধবারও জেলা আইনজীবী সমিতিসহ কয়েকটি সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে। আইনজীবী সমিতি আজ বৃহস্পতিবার প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
গতকাল দুপুরে আদালতপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জেলা আইনজীবী সমিতি। সমাবেশে সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, আইনজীবী চন্দন সরকার ও কাউন্সিলর নজরুলসহ সাতজনকে হত্যার ঘটনায় জড়িত বলেই সরকার র্যাব-১১-এর তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। তিনি বলেন, অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের শুধু চাকরিচ্যুত করলেই হবে না, তাঁদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ছাত্র ইউনিয়ন, ছাত্র সমিতির প্রাক্তন নেতা এবং সমমনা ব্যক্তিরা।
সমাবেশে নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে সেঁজুতি সরকার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, ‘খুন-খারাবি ভীষণ অপছন্দ ছিল আমার বাবার। সন্ত্রাসীদের এড়িয়ে চলবেন বলে ফৌজদারি মামলায় লড়েননি কখনো। বাবা সব সময় ঝুট-ঝামেলা এড়িয়ে চলেছেন। সাহিত্যচর্চা করতেন। বাঁশি বাজাতেন।’
মলয় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন নুরুল ইসলাম, স্বপন দাস, মোবারক হোসেন প্রমুখ।
আরও তিনটি অস্ত্র জব্দ: এদিকে এই হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের সহযোগী হিসেবে পরিচিত তিনজনের লাইসেন্স বাতিল হওয়া তিনটি শটগান জব্দ করেছে পুলিশ। গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জে শাহজাহান, সানাউল্লাহ ও আলী মোহাম্মদের বাড়ি থেকে গুলিসহ অস্ত্রগুলো জব্দ করা হয়।
শাহজাহান নূর হোসেনের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত। সানাউল্লাহ ও আলী মোহাম্মদ দেহরক্ষীর কাজ করেন।
এর আগে পুলিশ মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের টেকপাড়া এলাকায় নূর হোসেনের বড় ভাই নুরুউদ্দিন মিয়া ও দেহরক্ষী জামাল উদ্দিনের বাড়ি থেকে দুটি শটগান জব্দ করে। একই দিন নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী আরিফুল হাসানের একটি রিভলবার ও একটি শটগান লোক মারফত সিদ্ধিরগঞ্জ থানায় জমা দেওয়া হয়। পুলিশ নূর হোসেনদের লাইসেন্স বাতিল করা ১১টি অস্ত্রের মধ্যে গতকাল পর্যন্ত সাতটি জব্দ করল।