নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ্ বেগম কবরীর নেতৃত্বে গতকাল শনিবার বিজয় শোভাযাত্রা হয়েছে। এতে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানানো হয়। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার ডিআইটি মাঠে শোভাযাত্রাপূর্ব সমাবেশের আয়োজন করা হয়। ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংসদ সারাহ্ বেগম কবরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ, থানা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ইউনুস মোল্লা।সমাবেশে সারাহ্ বেগম কবরী বলেন, কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, ফতুল্লায় সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাট করতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘বিগত দিনে যাঁরা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ফতুল্লায় সন্ত্রাস, চাঁদাবাজি, গার্মেন্টসের ঝুট সেক্টর দখল, ভূমিদস্যুতা করেছেন তাঁদের বিচারের আওতায় আনা হবে।’ সমাবেশের পর বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফতুল্লার ডিআইটি বালুর মাঠ থেকে শুরু হয়ে পঞ্চবটী হয়ে মাসদাইর পুলিশ লাইন এলাকায় গিয়ে শেষ হয়।