নারায়ণগঞ্জে বিদ্যুৎ, গ্যাস পানির দাবিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানির দাবিতে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বেলা ১১টায় শহরের মাসদাইর বাজার থেকে বিএনপির নেতা-কর্মীরা হারিকেন ও কলস নিয়ে মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে তা শেষ করেন। পরে তাঁরা সেখানে সমাবেশ করেন।এতে সভাপতিত্ব করেন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ প্রমুখ। এ সময় বিভিন্ন এলাকার মানুষ এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন। সমাবেশে তৈমুর আলম খন্দকার বলেন, বিদ্যুতের দাম বাড়ালেও লোডশেডিং কমাতে ব্যর্থ হয়েছে সরকার। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে লুটপাটের ব্যবসা করছে তারা। দীর্ঘদিন ধরে গ্যাস-সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আবাসিক গ্রাহকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অথচ গ্যাসের বিল নিয়মিত দিতে হচ্ছে। তিনি অবিলম্বে গ্যাস, বিদ্যুৎ ও পানি-সংকট সমাধানের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।