নারায়ণগঞ্জে বিস্ফোরণে এসআই আহত
নারায়ণগঞ্জের বন্দর থানার কোয়ার্টারের বারান্দায় গতকাল বৃহস্পতিবার রাতে বিস্ফোরণে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) শরীর ঝলসে গেছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।খবর পেয়ে জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার জানান, রাত ১১টার দিকে বন্দর থানার এসআই শাহজাহান মিয়া থানার পেছনে কোয়ার্টারের বারান্দার সিঁড়ির সামনে ধূমপান করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাঁর পরনের লুঙ্গি ও গেঞ্জি পুড়ে গেছে। তাঁর বাড়ি টাঙ্গাইলে। পুলিশ জানায়, সিআইডির বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। নাজমুল আলম আরও জানান, ঘটনার আলামত দেখে বোমা বলে মনে হচ্ছে না। কারণ, বোমা বিস্ফোরণ বা পেট্রল বোমা হলে সেখানে আলামত থাকবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির শরীরে রক্তের ছিটা থাকবে। এ ছাড়া পুলিশ কোয়ার্টারের অন্য কোথাও কিছু হয়নি। সিআইডির বোমা বিশেষজ্ঞ দল এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।