নারায়ণগঞ্জে বিস্ফোরণে ছয়জন আহত, এলাকায় আতঙ্ক
নারায়ণগঞ্জ শহরের সৈয়দ আলী চেম্বার রোডে অবস্থিত ডিবি প্লাজার সামনে পৌরসভার পয়োনিষ্কাশন নালার ভেতর গতকাল মঙ্গলবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বিস্ফোরণে পয়োনিষ্কাশন নালার স্লাব উঠে যায়। নালার ভেতর আগুন জ্বলতে থাকে। বিস্ফোরণে মার্কেট করতে আসা ক্রেতা, বাসের যাত্রী, পথচারীসহ ছয়জন আহত হয়। খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, ধারণা করা হচ্ছে, নালার ভেতর তিতাসের গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই।