নারায়ণগঞ্জে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী
নারায়ণগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সপরিবারে ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী। প্রাইভেট কার চালকের বেশে ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩০ হাজার টাকা, তাঁর স্ত্রী ও মেয়ের প্রায় পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেটসহ সাড়ে তিন লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। গতকাল বৃহস্পতিবার সকালে ফতুল্লার জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে (সংযোগ সড়ক) এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সঞ্জয় ঘোষ ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।মামলার এজাহারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিরাজদ্দৌল্লাহ সড়ক এলাকার ব্যবসায়ী সঞ্জয় ঘোষ, তাঁর স্ত্রী অপু ঘোষ ও মেয়ে অন্বেষা ঘোষকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নারায়ণগঞ্জে আসেন। সকালে বাস থেকে সাইনবোর্ড এলাকায় নেমে একটি প্রাইভেট কার ভাড়া করেন। এ সময় প্রাইভেট কারের চালকের সঙ্গে আরও একজন লোক ছিলেন। প্রাইভেট কারটি সাইনবোর্ড থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে ফতুল্লার জালুকড়ি এলাকায় এলে চালকের সঙ্গে থাকা লোকটি ধারালো অস্ত্র দিয়ে সঞ্জয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। লুটে নেয় সঞ্জয়ের ৩০ হাজার টাকা। পরে তাঁকে পথে নামিয়ে স্ত্রী ও মেয়েসহ প্রাইভেট কারটি নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।