নারায়ণগঞ্জে বেড়াতে গিয়ে খুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইফুল ইসলাম (২২) নামের এক ছাত্র খুন হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় ফতুল্লার শাসনগাঁও এলাকায় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে খুন করে। তিনি ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গতকাল বৃহস্পতিবার সাইফুলের তিন বন্ধুকে থানায় নিয়েছে। তাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী। ওই তিনজনের ভাষ্যমতে, ক্রিকেট খেলা ব্যাহত করা নিয়ে দুই পক্ষের বিতণ্ডার জের ধরে সন্ত্রাসীরা সাইফুল ইসলামকে খুন করে।সাইফুলের বাবা শরাফুল ইসলাম বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের প্রধান কার্যালয়ের প্রশাসন বিভাগের কর্মচারী। একসময় তিনি সপরিবারে ফতুল্লার পঞ্চবটী এলাকায় থাকতেন। এখন ঢাকার মিরপুরে থাকেন। সাইফুল তাঁর একমাত্র ছেলে। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়।জানা গেছে, গত মঙ্গলবার ফতুল্লার পঞ্চবটী এলাকায় বোন সাবিরার বাসায় সাইফুল বেড়াতে আসেন। বুধবার বিকেলে সেখানকার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ফতুল্লার শাসনগাঁও এলাকায় ক্রিকেট খেলতে যান। ওই এলাকার পবন নামের এক বখাটে মাঠে মোটরসাইকেল চালিয়ে খেলা ব্যাহত করে। এতে সাইফুল ও তাঁর বন্ধুরা প্রতিবাদ জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, খেলা শেষে বাসায় ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাসনগাঁও এলাকায় সাইফুল ও তাঁর বন্ধুদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। তারা সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ও লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সাইফুল ইসলামের বাবা এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেছেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ঘটনা সম্পর্কে জানার জন্য সাইফুলের তিন বন্ধু কামরুল (২১), মোহাম্মদ আলী (২০) ও সাকিলকে (২২) থানায় আনা হয়েছে। তাঁরা কলেজের শিক্ষার্থী।