নারায়ণগঞ্জে বৈধ অস্ত্র বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১৯ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সাত দিন সব ধরনের বৈধ অস্ত্র বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয় (আগ্নেয়াস্ত্র শাখা) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি, আধা সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠান ও স্থাপনাতে নিয়োজিত নিরাপত্তাপ্রহরী এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
জেলা ম্যাজিস্ট্রেট রাব্বী মিঞা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ১৯ ডিসেম্বর সোমবার থেকে ২৫ ডিসেম্বর রোববার পর্যন্ত মোট সাত দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সব লাইসেন্সধারী অস্ত্র মালিকদের অস্ত্রসহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।