নারায়ণগঞ্জে ব্যবসায়ী আশিক হত্যার ঘটনায় মামলা
নারায়ণগঞ্জে ব্যবসায়ী আশিকুল ইসলাম হত্যার ঘটনায় গত রোববার রাতে সদর মডেল থানায় মামলা হয়েছে। আসামিরা হলো শহরের মজিদ খানপুর এলাকার সিদ্দিক ও খানপুর ব্যাংক কলোনির সিজার। মামলার বাদী নিহতের বড় ভাই আবাসন ব্যবসায়ী ফাহিমুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, ১১ মে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্দিক তার ছোট ভাই আশিককে বাড়ি থেকে ডেকে নেয়। রাত ১১টার দিকে তাঁরা বাড়ির সামনে একটি ভ্যানগাড়িতে বসে আশিক, সিদ্দিক ও সিজারকে কথা বলতে দেখেন। রাত সোয়া ১১টার পর থেকে তাদের তিনজনকে আর দেখা যায়নি। এরপর থেকে আশিকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের বাসায় খোঁজ করেও আশিকের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। শনিবার দুপুরে তাঁরা খবর পান সিদ্ধিরগঞ্জের মেঘনা অয়েল ডিপোর পেছনে এসও এলাকার শীতলক্ষ্যা নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ যাতে কেউ চিনতে না পারে সে জন্য লাশের মুখ পুড়িয়ে ফেলা হয়েছে। পরে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হাতের আংটি ও পরনের অন্তর্বাস দেখে আশিকের লাশ শনাক্ত করেন। এদিকে হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কী কারণে কারা ব্যবসায়ী আশিককে হত্যা করেছে, সে রহস্যও উন্মোচন করতে পারেনি পুলিশ।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।