নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী রফিকুল ইসলাম ভুঁইয়াকে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।


আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুন উর রশিদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের মধ্যে তিনজন পলাতক।


মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন নাজমুল, স্বপন, মামুন, সাজ্জাদ আলম, আমিনুল ইসলাম ওরফে আশিক ওরফে বাবু ও জাকির হোসেন। আরেক আসামি সাদিয়া আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় দেওয়ার সময় আদালতে নাজমুল, মামুন ও সাজ্জাদ আলম উপস্থিত ছিলেন।


ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দিতে আদালত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন।


অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম এ রহিম জানান, ২০০৯ সালের ৩ মে সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ব্যবসায়ী রফিকুল ইসলাম ভুঁইয়াকে ডেকে নিয়ে আসামিরা হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেন।


নিহত রফিকুল ইসলাম ভুঁইয়ার ভাই রতন ভুঁইয়া বাদী হয়ে নাজমুল, স্বপন, মামুন, সাজ্জাদ আলম, আমিনুল ইসলাম ওরফে আশিক ওরফে বাবু, জাকির হোসেন ও সাদিয়া আক্তারকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।