নারায়ণগঞ্জে ব্যবসায়ীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক জমি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আটকে রেখে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন সদর উপজেলার উত্তর মাসদাইর গাবতলী এলাকার মোহাম্মদ আবদুল হামিদ। মামলায় এলাকার সন্ত্রাসী জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজ ও তার চার সহযোগীকে আসামি করা হয়েছে। ক্যাঙ্গারু পারভেজ এলাকার সাবেক সাংসদ শামীম ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত।আবদুল হামিদের ছেলে জমি ব্যবসায়ী আল আমিন অভিযোগ করেন, গত রোববার সন্ধ্যায় পারভেজ ও তার সহযোগীরা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে তল্লা এলাকার একটি খামারে আটকে রাখে। এরপর সন্ত্রাসীরা তাঁর পরিবারের সদস্যদের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ৪০ লাখ টাকা দাবি করে। ওই দিনই তাঁর বোন এক প্রতিবেশীর মাধ্যমে একটি চেক বই পাঠিয়ে দেন। সন্ত্রাসীরা চেক বইয়ের চারটি পাতার প্রতিটিতে ১০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা লিখে জোর করে তাঁর স্বাক্ষর নিয়ে তাঁকে ছেড়ে দেয়। এরপর গতকাল সন্ধ্যায় তাঁর বাবা হামিদ মামলা করেছেন। মামলায় ক্যাঙ্গারু পারভেজ ও তার সহযোগী আলী আজম, মোহাম্মদ রেজাউল হাসান ওরফে রেদোয়ান, বাদল হোসেন ও মামুনকে আসামি করা হয়েছে।ব্যবসায়ী আল আমিন আরও জানান, যে ব্যাংক অ্যাকাউন্টের চেকে তিনি স্বাক্ষর করেছিলেন, সেই অ্যাকাউন্টে তেমন টাকা ছিল না, যে কারণে সন্ত্রাসীরা টাকা নিতে পারেনি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।