নারায়ণগঞ্জে ব্যবসায়ীর ব্যাগ কেটে ১০ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা মুন্সিগোলা এলাকায় গতকাল বুধবার বিকেলে এক বাসযাত্রী ব্যবসায়ীর ব্যাগ কেটে ১০ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে জড়িত সন্দেহে বাসের দুই যাত্রীকে ধরে জনতা ধোলাই দিয়েছে। পরে আহত অবস্থায় পুলিশ তাঁদের আটক করে হাসপাতালে ভর্তি করেছে।জানা গেছে, গতকাল বিকেলে পাগলার আলামিন স্টিল মিলের ম্যানেজার নুরাজ্জামান পোস্তগোলা ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে একটি বাসে চড়ে পাগলা আসছিলেন। বাসটি পাগলা এলাকায় এলে নুরুজ্জামান দেখতে পান, তাঁর ব্যাগ কাটা ও তাতে টাকা নেই। তিনি টাকা খোয়া গেছে বলে চিত্কার দিলে চালক মুন্সিখোলা এলাকায় পুলিশ চেকপোস্টে বাস থামান। গাড়ি থেকে নেমে তিন-চারজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জনতা জব্বার (২৮) ও খোকন (৩০) নামে দুজনকে আটক করে ধোলাই দেয়। কিন্তু তাঁদের কাছে খোয়া যাওয়া টাকা পাওয়া যায়নি। পরে মুমূর্ষু অবস্থায় ওই দুজনকে পুলিশ আটক করে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। টাকা উদ্ধারের চেষ্টা চলছে।