নারায়ণগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা এলাকার একটি খাল থেকে গতকাল রোববার ফজল শেখ (৩৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ফজল শেখের বাড়ি নারায়ণগঞ্জ শহরের মধ্য সৈয়দপুর এলাকায়। তিনি ইট, পাথর ও বালুর ব্যবসা এবং ঠিকাদারির কাজ করতেন। ফজলের ছোট ভাই কবির হোসেন অভিযোগ করেন, ফজল শেখ সম্প্রতি শহরের নিতাইগঞ্জ এলাকার আবদুর রহমানের একটি ময়দার কারখানায় ইট-বালু সরবরাহের ঠিকাদারির কাজ নেন। সুজন নামের স্থানীয় এক সন্ত্রাসীও কাজটি পাওয়ার চেষ্টা করে, কিন্তু কাজ না পেয়ে সে ক্ষিপ্ত হয়। গত শনিবার রাতে ফজল শেখ আবদুর রহমানকে সঙ্গে নিয়ে পাথর কেনার জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় যান। পাথর কেনার পর আবদুর রহমান আগে চলে আসেন। পরে ট্রাকে পাথর নিয়ে ফেরার পথে নিতাইগঞ্জের শীতলক্ষ্যা তোলারাম মোড় এলাকায় রাত ১১টার দিকে সন্ত্রাসী সুজনসহ কয়েকজন ট্রাকটি আটক করে। এরপর তাঁরা ফজল শেখকে মারধর করে ও তাঁর কাছে চাঁদা দাবি করে। মোবাইল ফোনে ফজল বিষয়টি কারখানার মালিক আবদুর রহমানকে জানান। এরপর আবদুর রহমান ঘটনাস্থলে যান। কিন্তু সন্ত্রাসীরা তাঁকে জানায়, ফজল শেখ তাঁদের দেখে ভয়ে দৌড়ে পালিয়েছেন। এ ঘটনায় কারখানার মালিক আবদুর রহমান রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি) করেন। গতকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে খাল থেকে ফজল শেখের লাশ উদ্ধার করে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ফজলের ভাই কবির হোসেন হত্যা মামলা করেছেন।