নারায়ণগঞ্জে ব্যবসায়ীর লাশ শীতলক্ষ্যা থেকে উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ব্যবসায়ী আশিকুল ইসলামের (৩০) লাশ গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে শনাক্ত করেছেন তাঁর ভাই। তিন দিন ধরে আশিক নিখোঁজ ছিলেন। গত শুক্রবার শীতলক্ষ্যা নদী থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হলে নিখোঁজ ব্যবসায়ীর ভাই সেটি আশিকুলের বলে জানান। খানপুরের বাসিন্দা ফাহিমুল ইসলাম জানান, তাঁর ছোট ভাই আশিকুল পোশাক কারখানা থেকে নষ্ট বা বেঁচে যাওয়া কাপড় কিনে ব্যবসা করতেন। গত বুধবার রাতে আশিকের মুঠোফোনে খানপুরের সিদ্দিক ও চাষাঢ়ার সিজার একাধিকবার ফোন করে তাঁকে বাইরে ডেকে নেন। আশিক পরিবারকে বিষয়টি জানিয়ে বাসার নিচে আসেন। এর পর থেকেই তিনি নিখোঁজ। এ ব্যাপারে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ফাহিম আরও বলেন, গতকাল তিনি সিদ্ধিরগঞ্জের এসও এলাকার শীতলক্ষ্যা নদী থেকে একটি লাশ উদ্ধারের খবর পান। পুলিশের তোলা লাশের ছবি দেখে সেটি তাঁর নিখোঁজ ভাইয়ের বলেই মনে হচ্ছিল। গতকাল সন্ধ্যায় লাশটি দেখতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে লাশ দেখে তিনি নিশ্চিত হয়েছেন, এটি তাঁর ভাইয়ের। এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, লাশটি পচে ফুলে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছিল না। ফাহিমুল ঢাকায় যাওয়ার আগে লাশের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্টের আবেদন করা হয়েছিল। এদিকে ওসি আরও জানান, নিখোঁজ আশিককে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া সিজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী।