নারায়ণগঞ্জে ব্যবহারোপযোগী গণশৌচাগারের অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ব্যস্ততম চাষাঢ়া মোড় এলাকার একটি গণশৌচাগার। এটি জীর্ণশীর্ণ। ভেতরের পরিবেশ স্যাঁতসেঁতে। উৎকট দুর্গন্ধ। অনেকে নাক চেপে ঢুকছেন। কেউ বা দ্রুত বের হয়ে যাচ্ছেন।

এ অবস্থা শুধু চাষাঢ়া মোড়ের শৌচাগারের নয়, নারায়ণগঞ্জ শহরের বেশির ভাগ গণশৌচাগারের অবস্থাই এমন। গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে দেখা গেছে, শহরের ২ নম্বর রেলগেট এলাকার শৌচাগারটি ব্যবহারের উপযোগী নয়। এখানে নারীদের ব্যবহারের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। শৌচাগারটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আল-আমিন বলেন, সাধারণত এলাকার হকার ও ব্যবসায়ীরা এই টয়লেট (শৌচাগার) ব্যবহার করেন। নারীরা কম আসেন। খুব জরুরি না হলে এখানে কেউ আসতে চান না।

খানপুর ধর্মতলার গণশৌচাগারের অবস্থা আরও নাজুক। ঘিঞ্জি জায়গায় নির্মিত শৌচাগারটির ভেতরে যাওয়াই কষ্টকর। মো. শহীদ হোসেন নামের অটোরিকশার স্থানীয় এক চালক অভিযোগ করেন, এখানে হকার, দোকানদার, বাসচালকসহ সব ধরনের মানুষ আসে। উপায় না থাকায় বাধ্য হয়ে এটা ব্যবহার করতে হয়। নারীদের পক্ষে এই শৌচাগার ব্যবহার করা সম্ভব নয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় মাত্র ১১টি গণশৌচাগার আছে। এগুলোর অবস্থান চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ২ নম্বর রেলগেট সৈয়দ আলী চেম্বার এলাকা, মণ্ডলপাড়া পুল এলাকা, খানপুর ধর্মতলা, টানবাজার সুইপার কলোনি, জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামসংলগ্ন এলাকা, পাইকপাড়া বড় কবরস্থান ও ছোট কবরস্থান, হাজীগঞ্জ গুদারাঘাট এলাকা, দিগুবাবুর বাজার এবং খানপুর হাসপাতালসংলগ্ন এলাকায়। এর মধ্যে টানবাজার সুইপার কলোনির শৌচাগারটি শুধু স্থানীয় বাসিন্দাদের ব্যবহারের জন্য। পাইকপাড়া ছোট ও বড় কবরস্থানসংলগ্ন গণশৌচাগারটি মূলত দাফনের কাজে আসা ব্যক্তিরা ব্যবহার করেন। আর জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামসংলগ্ন গণশৌচাগারটি খেলোয়াড়দের জন্য সংরক্ষিত।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ গণশৌচাগার ব্যবহারের উপযোগী নয়। আর নগরের নিতাইগঞ্জ মোড়, মাসদাইর বাজার, কালির বাজারসহ আরও কয়েকটি এলাকায় গণশৌচাগার প্রয়োজন।

জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘টয়লেটগুলো অনেক চেষ্টার পর ২০০৩-০৪ সালের দিকে নির্মাণ করা হয়। তারপর ইজারা দিয়ে দিয়েছি। স্বাস্থ্য বিভাগকে এগুলো নিয়মিত দেখভাল করতে বলি। মাঝেমধ্যে গাফিলতি করে। পরিবেশ ভালো না, এটা সত্য। আমি মনে করি, যুগের সঙ্গে তাল মিলিয়ে এগুলো আধুনিক করা প্রয়োজন। এখন যে মার্কেট হচ্ছে, সিটি করপোরেশনের ভবন হচ্ছে, বিশেষ করে মাঠের পাশে আধুনিক টয়লেট করা যায় কি না, তা চিন্তাভাবনা করা হচ্ছে।’