নারায়ণগঞ্জে ভাঙচুরের ঘটনায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটীতে অবন্তী কালার মিলস ও রূপগঞ্জ উপজেলায় শরীফ মেলামাইনের কারখানায় ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। অন্যদিকে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে শিল্পাঞ্চল পুলিশ।গত বৃহস্পতিবার বিকেলে শ্রমিকদের হামলা ও ভাঙচুরের ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেন অবন্তী কালার মিলস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মিঠু সরকার। হামলায় কারখানার এক কোটি ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।রূপগঞ্জ থানায় অজ্ঞাতনামা নয় হাজার থেকে ১০ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা করেন শরীফ মেলামাইন কারখানার ব্যবস্থাপক তাপস কুমার সাহা। থানার ওসি মাঈনুর রহমান বলেন, বৃহস্পতিবার শরীফ মেলামাইনের কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রায় আট কোটি ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ১৬ লাখ ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।