নারায়ণগঞ্জে ভেজাল সেমাই কারখানার মালিকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের একটি কারখানা থেকে গতকাল রোববার ৬০০ প্যাকেট মেয়াদোত্তীর্ণ ও ভেজাল সেমাই জব্দ করা হয়েছে। এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে কারখানাটির মালিককে। একই দিন গাজীপুরে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পাঁচটি হোটেল-রেস্তোরাঁকে জরিমানা হয়েছে ৩৬ হাজার টাকা।
র্যা ব সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও র্যা বের একটি যৌথ দল শহরের পাইকপাড়ায় ‘বাবুল ফুড প্রোডাক্ট লিমিটেড’-এর সেমাই তৈরির কারখানায় বেলা ১১টার দিকে অভিযান চালায়। এ সময় অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে ভেজাল সেমাই তৈরির অভিযোগে কারখানার মালিক সোহেলকে আটক করা হয়। জব্দ করা হয় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ৬০০ প্যাকেট সেমাই।
র্যা ব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানি ক্যাম্প কমান্ডার শিবলী সাদিক সাংবাদিকদের বলেন, গত বছরও এই কারখানার মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। এরপরও সেখানে গোপনে ভেজাল সেমাই তৈরি করে বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছিল।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জেসমীন সুলতানা বলেন, ভ্রাম্যমাণ আদালত ওই কারখানার মালিক সোহেলকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দ করা সেমাইয়ের প্যাকেটগুলো শহরের জিমখানা মাঠে ধ্বংস করা হয়। পবিত্র রমজান উপলক্ষে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের নির্বাহী হাকিম সায়মা আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গতকাল সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালান। বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা-বাসি খাবার সংরক্ষণ করায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে সাগর সুইটস মিটের স্বত্বাধিকারী মামুন ইসলামকে আট হাজার টাকা, পলাশ মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী সুদর্শন মুখার্জিকে তিন হাজার টাকা, রাজধানী সুইট মিট অ্যান্ড রেস্তোরাঁর স্বত্বাধিকারী বাবুল হোসেনকে সাত হাজার টাকা, জাকারিয়া সুইটস মিট অ্যান্ড রেস্তোরাঁর স্বত্বাধিকারী মো. নাসিদুলকে তিন হাজার টাকা এবং সুরমা ফুড অ্যান্ড চায়নিজ রেস্তোরাঁর স্বত্বাধিকারী জামাল উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাহেনুল ইসলাম বলেন, রমজান মাসজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।