নারায়ণগঞ্জে ভোট ২২ ডিসেম্বর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। নির্বাচন কমিশন গতকাল সোমবার নির্বাচনের এ তফশিল ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো সিটি করপোরেশনে রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে।
তফশিল অনুযায়ী নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৬ ও ২৭ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। ১ থেকে ৩ ডিসেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ৫ ডিসেম্বর।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কমিশন সচিবালয়ের উপসচিব নুরুজ্জামান তালুকদার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করার জন্য কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে ঢাকার বিভাগীয় কমিশনারকে।
তফশিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ এবং কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন ছিল, ছবিসহ ভোটার তালিকা থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষ নিজেদের ভোট দিতে পারেননি। ভবিষ্যতে তাঁরা নিজের ভোট দিতে পারবেন, বর্তমান কমিশনের ওপর ভোটারদের সেই আস্থাও নেই। নারায়ণগঞ্জে এই অবস্থার পরিবর্তন হবে কি না?
জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশন ভালো নির্বাচনের যথাসাধ্য চেষ্টা করছে। যদিও দেশে নির্বাচনী সহিংসতা বেড়েছে। সারা বিশ্বেও একই চিত্র। নির্বাচন সুষ্ঠু করার জন্য কমিশন ইউপি ও পৌর নির্বাচনে সরকারি দলের সাংসদসহ সরকারের উচ্চপদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই কমিশনের ওপর ভোটারদের আস্থা আছে কি নেই, সেটা ভবিষ্যতে দেখা যাবে।
প্রশাসনের ভূমিকা সম্পর্কে কাজী রকিবউদ্দীন বলেন, আগেও প্রশাসনকে আইন অনুযায়ী চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। এবারও একই ধরনের নির্দেশ পাঠানো হবে।
২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নাগরিক সমাজের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ওয়ার্ডের সংখ্যা ২৭টি। নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড ৯টি। ভোটারের সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩৯২। এর মধ্যে নারী ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ এবং পুরুষ ২ লাখ ৪১ হাজার ৫১৪।