নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে ব্যবসায়ীদের হয়রানি, চাঁদাবাজি, অসদাচরণের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানে ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে বুড়িগঙ্গার দুই তীরে ২৩টি ইটভাটা গত ১০ বছরে গড়ে উঠেছে। নদীর তীরভূমি দখল ও পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ এনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদার গত জুলাই ও আগস্ট মাসে সেখানে বিআইডব্লিউটিএর সহায়তায় কয়েক দফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি ইটভাটার মালিককে আর্থিক জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট রউফ তালুকদার তাঁর নিয়োজিত ব্যক্তির মাধ্যমে ইটভাটার মালিকদের প্রস্তাব দেন, প্রতি ইটভাটা থেকে জেলা প্রশাসকের জন্য এক লাখ টাকা এবং লেডিস ক্লাবের (পদাধিকারবলে জেলা প্রশাসকের স্ত্রী সভাপতি) জন্য ২৫ হাজার টাকা করে দিলে অভিযান বন্ধ করা হবে। না হলে বিআইডব্লিউটিএর ভেকু (মাটি কাটার জন্য ব্যবহূত বিশেষ যন্ত্র) দিয়ে ইটভাটার মাটি কেটে নেওয়া হবে। ফায়ার সার্ভিসের মাধ্যমে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে ফেলা হবে। বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের জাহাজ বসিয়ে রেখে তিনি কোস্টগার্ডের স্পিডবোটে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে টহল দিতে থাকেন। মোটা অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কায় ২৩টির মধ্যে ১৭টি ইটভাটার মালিকেরা ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট রউফ তালুকদারের দাবি করা অর্থ পরিশোধ করতে বাধ্য হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ইটভাটার কয়েকজন মালিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, একেকটি ইটভাটা কয়েক কোটি টাকা বিনিয়োগে নির্মাণ করা হয়েছে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। ইটভাটায় মজুদ কাঁচামাল ও উৎ পাদিত পণ্যের দামও কোটি কোটি টাকা। ম্যাজিস্ট্রেট ভেকু ও ফায়ার সার্ভিস এনে ভয়ে দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে এভাবে অর্থ আদায় করছেন। ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে পরবর্তী সময়ে বেশির ভাগ ইটভাটার মালিকই ম্যাজিস্ট্রেটের দাবি করা টাকা তাঁর নিয়োজিত লোকের হাতে তুলে দিতে বাধ্য হয়েছেন। নারায়ণগঞ্জ শহরে ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বোস কেবিনে ম্যাজিস্ট্রেট রউফ তালুকদার ভ্রাম্যমাণ আদালতের নামে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করায় বোস কেবিনে প্রতিদিন আড্ডা দিতে আসা রাজনীতিক, সংস্কৃতিসেবী, সাংবাদিকেরা হতবাক হয়েছেন। বোস কেবিনের তৃতীয় প্রজন্মের মালিক তারেক বোস বলেন, ‘ম্যাজিস্ট্রেট যখন আসেন, তখন দুপুর সাড়ে ১২টা। বোস কেবিনের চিরাচরিত নিয়ম অনুযায়ী দুপুর ১২টায় চা, নাশতা বিক্রি শেষ হলে দোকান ধোয়ামোছার কাজ শুরু হয়। ম্যাজিস্ট্রেট যখন আসেন, তখন বোস কেবিন পুরোটাই পানি দিয়ে ধোয়ার কাজ চলছিল। ম্যাজিস্ট্রেট ধোয়ার পানি দেখে প্রশ্ন করেন, এখানে ময়লা কেন? এর পরই তিনি এক লাখ টাকা জরিমানা আদায় করেন। বোস কেবিনের প্রতিদিন গড় বিক্রি মাত্র ২০ হাজার টাকা। পরিচিত লোকজনের কাছ থেকে ধারদেনা করে আমাকে জরিমানার বিপুল অঙ্কের টাকা পরিশোধ করতে হয়েছে।’ সূত্র জানিয়েছে, ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অসদাচরণ, হুমকি প্রদর্শন, অমানবিক আচরণেরও অভিযোগ রয়েছে। সরকারের একটি গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে অভিযোগগুলো তদন্ত করেছে। জেলা প্রশাসক মো. সামছুর রহমান টেলিফোনে জানান, বক্তাবলীর ইটভাটা থেকে তাঁর নামে চাঁদা আদায়ের বিষয়ে তদন্ত করে দেখা হবে। তবে লেডিস ক্লাবের জন্য দুটি ইটভাটা থেকে ইট চাওয়া হয়েছিল বলে তিনি স্বীকার করেন। জেলা প্রশাসক বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে ম্যাজিস্ট্রেট রউফ তালুকদার কোনো দুর্নীতি, অনিয়ম করে থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদার তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিধিবিধান ও জেলা প্রশাসকের নির্দেশনা মেনেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ প্রশ্নের জবাবে রউফ তালুকদার বলেন, ‘আসলে লজিস্টিক সাপোর্ট না পাওয়ায় আমি আইনের প্রয়োগ পুরোপুরি করতে পারিনি।’ গত বছর ভ্রাম্যমাণ আদালতের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে শহরের খানপুরে অবস্থিত একটি স্টেশনারি দোকানে অভিযান চালিয়ে জরিমানা করার অভিযোগ ওঠে। দোকানির অভিযোগ, ওই ম্যাজিস্ট্রেটের স্বামীকে বাকিতে সওদা না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে এ অভিযান চালান। প্রথমে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি। পরবর্তী সময়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ করা হয়। তদন্তে ঘটনার সত্যতা মেলে এবং ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শাস্তিমূলক বদলি করা হয়। বিষয়টি পত্রপত্রিকায় প্রকাশিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।