নারায়ণগঞ্জে মওদুদ হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ব্যবসায়ী মওদুদ আহমেদ শাওন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রবিউল আউয়াল এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে বাসু (২৪) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে রাকিব হোসেন ওরফে বাবুল (২৫)। রায় ঘোষণার সময় সাজ্জাদ আদালতে উপস্থিত ছিলেন। তবে রাকিব পলাতক। নিহত মওদুদ (২৪) সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোড এলাকার নাসির হোসেনের ছেলে।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাকসুদা বেগম জানান, ২০১৪ সালের ৯ জুলাই সুমিলপাড়া এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জ্বালানি তেল ব্যবসায়ী মওদুদ। ১০ জুলাই সোনারগাঁর বারদী দলরদী গ্রামের একটি খেত থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে ১১ জুলাই নগরের মাসদাইর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়। পরে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বাদী হয়ে হত্যা মামলা করেন। ১২ জুলাই মওদুদের পরিবার লাশ শনাক্ত করলে আদালত লাশটি পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। ১৬ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করা হয়। পরে সোনারগাঁ থানা-পুলিশ এই হত্যাকাণ্ডের মূল হোতা সাজ্জাদকে গ্রেপ্তার করে। সাজ্জাদ হত্যার দায় স্বীকার করে এবং হত্যার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার রায়ের পর নিহত মওদুদের বাবা নাসির হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।’