নারায়ণগঞ্জে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় লোড-আনলোড শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছেন। পরে মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।ডালপট্টি লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া জানান, মজুরি বাড়ানোর দাবিতে তাঁরা ৪০ দিন আগে জেলা ডাল ভুসি মাল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের কাছে আবেদন করেন। তখন তিনি শ্রমিকদের এক মাসের মধ্যে মজুরি বাড়ানোর আশ্বাস দেন। গতকাল তাঁদের নতুন মজুরি ঘোষণা করার কথা ছিল। সকালে শ্রমিকেরা কর্মস্থলে এলে মজুরি বাড়ানো হবে না বলে জানিয়ে দেন সভাপতি আনোয়ার। এরপর শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাঁরা সব ধরনের মাল ওঠানো-নামানো বন্ধ করে কর্মবিরতি করতে থাকেন এবং সভাপতি আনোয়ারের বিরুদ্ধে বিক্ষোভ করেন।জেলা ডাল ভুসি মাল ব্যবসায়ী মালিক সমিতির সহসভাপতি সুলতানউদ্দিন জানান, সভাপতি আনোয়ার শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবির বিষয়টি কাউকে জানায়নি। গতকাল তারা সাত দিনের মধ্যে মজুরি বাড়ানোর বিষয়ে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে যোগ দেন।