নারায়ণগঞ্জ শহরে মন্দিরের ভেতরে জুয়া খেলতে বাধা দেওয়ায় গতকাল শুক্রবার উচ্ছৃঙ্খল বখাটেরা পুরোহিতকে মারধর এবং লাঞ্ছিত করেছে। এ ছাড়া ভাঙচুর করেছে দুটি মন্দিরের তিনটি প্রতিমা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় উচ্ছৃঙ্খল কয়েকজন বখাটে গতকাল দুপুরে শহরের নিতাইগঞ্জ কাচারী গলি এলাকার মন্দিরের ভেতরে জুয়া খেলতে থাকে। এ সময় মন্দিরের পুরোহিত অজিত চক্রবর্তী তাদের জুয়া খেলতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তারা অজিত চক্রবর্তীকে মারধর করে ও পরনের জামা টেনে ছিঁড়ে ফেলে। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা গণেশ, লক্ষ্মী ও কার্তিক প্রতিমার হাত ও মাথার অংশ ভাঙচুর করে। পরে র্যাব, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিকেলে শহরের নিতাইগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মনির হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অজিত চক্রবর্তী বলেন, সাবেক পৌর কমিশনার মরহুম রফিকুল ইসলামের ভাতিজা নীল, হাসিব, জিম, মনিরসহ আরও চার-পাঁচজন উচ্ছৃঙ্খল যুবক মন্দিরের ভেতরে বসে জুয়া খেলছিল। তাদের মন্দিরের ভেতরে জুয়া খেলতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁকে মারধর ও দুটি মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করে।