নারায়ণগঞ্জে মর্গ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে দুটি সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও লাশের ময়নাতদন্তের জন্য কোনো মর্গ নেই।ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ থেকে ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর হাসপাতালে নিয়ে যেতে হয়। এতে পুলিশ ও মৃত ব্যক্তির স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পুলিশ সূত্র জানায়, মাসে গড়ে ৫০ থেকে ৬০টি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর হাসপাতালে পাঠানো হয়। এত দূরে লাশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবহন বড় সমস্যা। জেলার বাইরে লাশ নিতে অপচয় হচ্ছে অর্থ ও সময়ের।নারায়ণগঞ্জ শহরের খানপুরে ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতাল ও নিতাইগঞ্জে ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল রয়েছে। কিন্তু এই দুটি সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও ময়নাতদন্তের জন্য জেলায় আধুনিক মর্গ নির্মাণ করা হয়নি।২৫ বছর ধরে শহরের মণ্ডলপাড়ায় একটি পরিত্যক্ত পুলিশ বক্সের ভেতরে ময়নাতদন্তের কাজ করা হতো। লাশ কাটার সময় বাইরে থেকে সব কিছু দেখা যেত। অনেক সময় লাশের নাড়ি-ভুঁড়িসহ মৃতদেহ উন্মুক্ত স্থানে পড়ে থাকত। লাশের পচা দুর্গন্ধের কারণে অনেক সময় লোকজনকে নাকে রুমাল চেপে চলাচল করতে হতো। চার-পাঁচ মাস আগে কেউ ওই পুলিশ বক্সের দেয়াল ভেঙে ফেলে। এর পর থেকে সেখানে ময়নাতদন্তের কাজ বন্ধ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলার একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একটি লাশের ময়নাতদন্ত শেষে ফেরত আনতে দু-তিন দিন সময় লেগে যায়। এতে সময় ও টাকার অপচয় হয়। একটি লাশের ময়নাতদন্ত করতে চার হাজার থেকে সাত হাজার টাকা খরচ করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি টাকা লেগে যায়।ওই পুলিশ কর্মকর্তা বলেন, লাশ পাঠাতে বড় সমস্যা হলো পরিবহন। অনেক মৃত ব্যক্তির গরিব আত্মীয়স্বজনের পক্ষে পরিবহনসহ ময়নাতদন্তের খরচ বহন করা সম্ভব হয় না। ফলে জেলার বাইরে লাশের ময়নাতদন্তের জন্য পাঠালে পুলিশকে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে বেওয়ারিশ লাশ নিয়ে বেশি বেকায়দায় পড়তে হয় পুলিশকে। সে ক্ষেত্রে ময়নাতদন্তের খরচ পুলিশকেই করতে হয়।জেলা সিভিল সার্জন শেখ শাহাবুদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গ স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, গত ১৯ মে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও জেলা সমন্বয় কমিটির সভায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ভেতরে তিন কক্ষের আধুনিক মর্গ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে সেখানে মর্গ নির্মাণ করা হবে।দ্রুত মর্গ স্থাপন করা না হলে জনগণের ভোগান্তি বেড়ে যাবে বলে সিভিল সার্জন মন্তব্য করেন।