নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় মা ও মেয়েকে জবাই করে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন আবদুল মালেক ওরফে হিরো মালিক (৩৫), ওমর ফারুক (৩৯) ও আবদুস সালাম (৩৯)।


অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান প্রথম আলোকে জানান, ২০১২ সালের ১৫ আগস্ট নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় দোতলা ফ্ল্যাটের দরজার তালা ভেঙে সৌদিপ্রবাসী আহম্মেদ আলীর স্ত্রী মাবিয়া আক্তার (৪৬) ও মেয়ে সাদিয়া আক্তারের (১২) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাদিয়া শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়।


অতিরিক্ত মসরকারি কৌঁসুলি আরও জানান, মাবিয়ার স্বামী দীর্ঘ ১৮ বছর ধরে সৌদিপ্রবাসী। মাবিয়ার বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে, এই ধারণা থেকে আসামিরা পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ১৩ আগস্ট তাঁর বাড়ি গিয়ে তাঁকে ও মেয়েকে জবাই করে হত্যা করে। দুই দিন পর পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ নিহত মাবিয়ার মোবাইল ফোন ট্র্যাকিং করে খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করে। আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।