নারায়ণগঞ্জে মাটিবাহী নৌযানের শ্রমিকদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর মোহনায় সন্ত্রাসী হামলায় মাটিবাহী বাল্কহেডের (নৌযান) ছয় শ্রমিক আহত হয়েছেন। সন্ত্রাসীরা তাঁদের মারধর করে প্রায় ৮০ হাজার টাকা ও ২০-২৫টি মুঠোফোন লুট করে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।আহত শ্রমিকেরা হলেন: নজরুল ইসলাম (৪০), নজরুল মিয়া (৩০), আবদুল করিম (২৫), খালেক (৪৫), হালিম (৩০) ও আবদুল রাজ্জাক (৩৮)।আহত শ্রমিকদের বর্ণনা অনুযায়ী, শরীয়তপুর থেকে ১০-১২টি মাটিবোঝাই বাল্কহেড ফতুল্লার উদ্দেশে রওনা হয়। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও মুন্সিগঞ্জের ধলেশ্বরীর মোহনায় স্পিডবোটে করে আসা একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের দুটি বাল্কহেডে হামলা চালায়। আফসু ও নাসির বাহিনীর ওই সন্ত্রাসীরা তাঁদের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা ও ২০-২৫টি মুঠোফোন লুট করে। বাধা দিলে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁদের আহত করা হয়। যোগাযোগ করলে নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান জানান, বিষয়টি তাঁর জানা নেই।