নারায়ণগঞ্জে মাটির নিচে গুলি, রাইফেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুইঘর কড়ইতলা এলাকায় মাটি খোঁড়ার সময় গতকাল বৃহস্পতিবার ৬০০টি গুলি ও সাতটি রাইফেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গুলি ও অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময়কার।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসংলগ্ন ভুইঘর কড়ইতলা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছোট বোন তাহেরুন নেছা জমি ভরাটের জন্য গতকাল ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি খনন করাচ্ছিলেন। খননের একপর্যায়ে বিকেল পাঁচটার দিকে একটি পরিত্যক্ত মরিচা ধরা থ্রি নট থ্রি রাইফেল উঠে আসে। পরে কাজের ঠিকাদার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাশেদা বেগম ফতুল্লা থানা-পুলিশকে খবর দেন। পরে থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হকের নেতৃত্বে পুলিশ গিয়ে ভেকু দিয়ে মাটি খনন করে এক বস্তা থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও সাতটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করে। 

স্থানীয় লোকজন জানান, পাকিস্তান আমলে ঢাকা জেলা ছাত্রলীগের নেতা সিরাজুল ইসলাম মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। স্বাধীনতার পর তিনি জাসদে যোগ দেন। পরে তিনি জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেন। ১৯৯১ সালে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, অস্ত্রগুলোর ধরন দেখে ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। এ বিষয়ে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।