নারায়ণগঞ্জে মাদক নির্মূলে আরও জোরালো অভিযানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সদস্যরা বলেছেন, নারায়ণগঞ্জে মাদক নির্মূলে আরও জোরালো অভিযান চালানো প্রয়োজন। তাঁরা বলেন, এ ছাড়া ইভ টিজিং প্রতিরোধে এলাকাভিত্তিক পঞ্চায়েত কমিটি গঠন করা দরকার।জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, সিভিল সার্জন মো. মতিয়ার রহমান, সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস প্রমুখ। তবে আইনশৃঙ্খলা কমিটির এই সভায় নারায়ণগঞ্জের পাঁচজন সাংসদই অনুপস্থিত ছিলেন।জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সভাপতি মরিয়ম কল্পনা বলেন, শহরের টানবাজার এস এ মালেহ রোড এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। এসব মাদক স্পটগুলো থেকে মাদক সংগ্রহ করে শহরের তিনটি কলেজের ছাত্রছাত্রীরা মাদক সেবন করছে। মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করার আহ্বান জানান তিনি।জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলন বলেন, মৃত্যুর পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান জানানো হচ্ছে না। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সময় বিউগল বাজানোর কথা থাকলেও তা বাজানো হয় না, শুধু স্যালুট দেওয়া হয়।নারায়ণগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমিশনার কামরুল হাসান মুন্না বলেন, শহরের মণ্ডলপাড়া লাশকাটা ঘরটি স্থানান্তর করার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। নিতাইগঞ্জে গড়ে ওঠা অবৈধ ট্রাকস্ট্যান্ডটি কয়েক মাস ধরে মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ২০ নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদের উদ্ধৃতি দিয়ে বলেন, শহরের নিতাইগঞ্জ, জিমখানা এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। এসব মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা স্থানীয় সাংসদদের অনুগত বাহিনীর লোকজন। তিনি বলেন, ‘সংসদ সদস্য সভায় উপস্থিত থাকলে তাঁর কাছে আমরা বিষয়টি জানতে চাইতাম।’বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শহরের সেন্ট্রাল ফেরিঘাট এলাকায় ইজারাদারেরা বাঁশ দিয়ে উঁচু করে মাচা বানিয়ে টোল আদায়কালে যাতায়াতের সময় স্কুল, কলেজ ও কর্মজীবী নারীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।সিভিল সার্জন মো. মতিয়ার রহমান বলেন, শহরের মণ্ডলপাড়া থেকে লাশকাটা ঘর জেনারেল হাসপাতালের ভেতরে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত টাকা আদায় করার এ রকম অভিযোগে পেলে ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন বলেন, মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, আগামী সপ্তাহ থেকে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা নদীতে নারায়ণগঞ্জ অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হবে।