নারায়ণগঞ্জে মাদ্রাসা ও মসজিদ কমিটির সমর্থকদের সংঘর্ষ
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ দারুল উলুম মাদ্রাসা ও মসজিদের পাশে রাস্তার জায়গা দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ওই মসজিদের ভেতরে ও রাস্তায় মাদ্রাসা এবং মসজিদ কমিটির সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় একটি গাড়ি ভাঙচুর, একটি মুদি দোকানে হামলা ও লুটপাট করা হয়েছে। প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, জুমার খুতবার আগে মসজিদের পাশের একটি জায়গার মালিক মাসুদ পারভেজ মাদ্রাসার জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার ব্যাপারে মসজিদে বক্তব্য দেন। এরপর দেওভোগ দারুল উলুম মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এ সময় দারুল উলুম মসজিদ কমিটির আহ্বায়ক মোহাম্মদ খলিল উল্লাহ মাইক্রোফোন নিয়ে কথা বলা শুরু করলে শাহনেওয়াজের লোকজন বাধা দেয়। মসজিদের ইমামের হস্তক্ষেপে পরে জুমার নামাজ হয়। নামাজ শেষ হওয়ার পরপরই দুই পক্ষ মসজিদের ভেতরে পরস্পরকে কিল ও ঘুষি মারতে থাকে। পরে রাস্তায় দুই পক্ষ লাঠিসোঁটা, বোতল ভাঙা নিয়ে পরস্পরকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে ২০ জন আহত হয় বলে দুই পক্ষ দাবি করেছে। আহতদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মসজিদসংলগ্ন জায়গার মালিক মাসুদ পারভেজ জানান, ‘১৯৮২ সালে ১৬০ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রশস্ত একটি রাস্তার জন্য মাদ্রাসা কমিটিকে আটটি ফ্যান ও দুই হাজার টাকা দেওয়া হয়। পরে ১৯৯৪ সালে মাদ্রাসা কমিটিকে ৮০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু তারা আমাকে রাস্তা দিচ্ছিল না। সম্প্রতি মাদ্রাসা কমিটি আমাকে মসজিদের পশ্চিম দিক দিয়ে রাস্তা দিলে মসজিদ কমিটির আহ্বায়ক খলিল মেম্বারের নেতৃত্বে এ রাস্তা দেওয়ার ব্যাপারে বাধা দেওয়া হয়।’ মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘মসজিদ কমিটি প্রতিবেশী মাসুদকে তাঁর জায়গায় যেতে রাস্তা দিচ্ছিল না। মাদ্রাসা কমিটি ওই লোককে রাস্তা দেওয়ার ব্যবস্থা করে। মাসুদ গতকাল এ ব্যাপারে কথা বলতে গেলে খলিল তাঁকে কথা বলতে বাধা দেন এবং খলিলের লোকজন আমাদের ওপর হামলা চালায়।’অভিযোগ অস্বীকার করে মসজিদ কমিটির আহ্বায়ক মোহাম্মদ খলিল উল্লাহ বলেন, ‘বর্তমান মাদ্রাসা কমিটি বিভিন্ন নিয়মবহির্ভূত কর্মকাণ্ড করছে। এর প্রতিবাদ করায় মাদ্রাসা কমিটির লোকজন পরিকল্পিতভাবে মসজিদের ভেতরে আমাদের ওপর হামলা চালায়।’ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ মামলা করেনি।