নারায়ণগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা, সুপার গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় একটি মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় ওই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত চারটার দিকে মাদ্রাসা সুপার (৩৫) ওই ছাত্রীর কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। তিনি ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে সে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। প্রথমে সে তার এক বান্ধবীর বাসায় যায়। পরে তাদের সহযোগিতায় নিজের বাড়ি চলে যায়।
এ ঘটনার পর ওই ছাত্রীর পরিবার মামলার প্রস্তুতি নেয়। কিন্তু মাদ্রাসা সুপারের পক্ষ নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ছাত্রীর বাড়িতে হামলা চালায়। এতে ছাত্রীর মা ও তিন বোন আহত হন। পরে এলাকাবাসীর সহায়তায় সোমবার থানায় এসে লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. সরাফত উল্লাহ বলেন, আদালতের মাধ্যমে মাদ্রাসার সুপারকে জেলহাজতে পাঠানো হয়েছে। হামলাকারীদেরও আইনের আওতায় আনা হবে।