নারায়ণগঞ্জে মালিক-শ্রমিক সংঘর্ষ, ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় গতকাল রোববার বেলা ১১টার দিকে মালামাল লোড-আনলোড করা শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সংঘর্ষ হয়। এ সময় মালিকপক্ষ ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা বেলা দুইটা পর্যন্ত কাজ বন্ধ রাখেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে মালিকপক্ষ এক শ্রমিকনেতাকে মারধর করে। শ্রমিকেরা পাল্টা এক মালিককে ঘিরে ফেলে মারধর শুরু করলে অন্য এক মালিক ফাঁকা গুলি ছুড়ে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে শ্রমিকেরা তিন ঘণ্টা মালামাল লোড-আনলোড বন্ধ রাখেন।ডাইলপট্টি লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া জানান, ২০০৪ সাল থেকে তাঁরা চিনি লোড-আনলোডের মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। ২০০৪ সালে প্রতি টন চিনি আনলোড করার মজুরি ছিল ৩০ টাকা। ডেলিভারির মজুরি ছিল ৪০ টাকা। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে ২৩ জুন সুগার অ্যান্ড ওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আনলোডের টনপ্রতি মজুরি ৪০ টাকা এবং ডেলিভারি ৫০ টাকা করা হয়।২৪ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। কিন্তু গত শনিবার সকালে শ্রী গোপীনাথ ভান্ডার ও সিদ্ধেশ্বরী ভান্ডার বর্ধিত এই মজুরি দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে গতকাল আলোচনার একপর্যায়ে গোপীনাথ ভান্ডারের মালিক নারু ও দিলীপ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আনোয়ার হোসেনকে মারধর করতে থাকেন। খবর পেয়ে কয়েক শ শ্রমিক সেখানে জড়ো হয়ে মালিকপক্ষের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় শেখ হায়দার আলী তাঁর লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র থেকে দুটি ফাঁকা গুলি ছুড়ে মালিকদের নিয়ে চলে যান।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ঘটনায় হায়দার আলী থানায় সাধারণ ডায়েরি করেছেন। সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।