নারায়ণগঞ্জে মিছিল থেকে বিএনপির ৮ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বিএনপির মিছিল থেকে ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক নেতা-কর্মীরা হলেন নারায়ণগঞ্জ সদর মৎস্যজীবী দলের সভাপতি জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের কর্মী শাহীন আহম্মেদ, কাঞ্চন আহম্মেদ, আনোয়ার হোসেন, কামাল হোসেন, মশিউর রহমান ও রাজু আহম্মেদ। তাঁরা খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশ নিতে মিছিল নিয়ে যাচ্ছিলেন।

বিকেলে নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় সিটি করপোরেশন মিলনায়তনে কারামুক্তি দিবসের অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

 মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিএনপির কয়েক শ নেতা-কর্মী মিছিল নিয়ে আসার পথে পুলিশ কোনো কারণ ছাড়াই তাঁদের আটক করে। তিনি অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন পারভেজ ৮ নেতা-কর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।