নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলারডুবি, ২ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী গ্রামের মেঘনা নদীতে গতকাল শুক্রবার বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত এক নারী ও অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ যাত্রী।নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। দুজন কর্মচারীসহ বালুবাহী বাল্কহেডটি আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ট্রলারের যাত্রীরা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে কুমিল্লার হোমনা থেকে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত ট্রলার ৩০-৩৫ জন যাত্রী নিয়ে উপজেলার বিশনন্দী খেয়াঘাটের উদ্দেশে রওনা হয়। ট্রলারটি বিশনন্দী গ্রামের মেঘনা নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি বাল্কহেড সামনে থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।এ সময় ট্রলারে থাকা বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ থাকে অনেকে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় এলাকাবাসীর সহায়তায় পুলিশ নদীতে তল্লাশি চালিয়ে পার্বতী বর্মণ ও ১১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করে। এখনো ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন বৈশাখী, শিলা বেগম, গফুর মিয়া, হাজি ইজ্জত আলী, রামু মিয়া, সখিনা বেগম ও পারুল বেগম।এদিকে ট্রলারডুবির খবরে উপজেলার বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ মেঘনা নদীর তীরে ভিড় জমায়। নিখোঁজের স্বজনেরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালায়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মোজহার মিয়া ও জাফর আহমেদ নামের দুই কর্মচারীসহ বাল্কহেডটি আটক করা হয়েছে।